ইউরোপের শীর্ষ ৫ দেশে বিশ্বকাপ সম্প্রচার না করার হুমকি ফিফার

A

ফুটবল বিশ্বকাপ হবে, আর সেটা ইউরোপের বড় দেশগুলোতে দেখা যাবে না, এমন ভাবা যায় নাকি! হোক না সেটা মেয়েদের বিশ্বকাপ।
ফিফা অবশ্য এ রকম হুমকিই দিয়েছে। ইউরোপের বড় দেশগুলোর সম্প্রচারপ্রতিষ্ঠানগুলো থেকে সম্প্রচারস্বত্বের যে অঙ্ক প্রস্তাব করা হয়েছে, সেটা এতই কম যে ওই দেশগুলোতে এই বছর হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপ সম্প্রচার করা না–ও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এ বছর মেয়েদের বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ জুলাই। যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে এই বিশ্বকাপ ইউরোপে সম্প্রচার করা নিয়ে জটিলতা চলছে বেশ কিছুদিন ধরেই। গত বছর অক্টোবরেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সমালোচনা করে বলেছিলেন, মেয়েদের বিশ্বকাপ সম্প্রচারস্বত্বের যে অঙ্ক প্রস্তাব করা হয়েছে, সেটা ছেলেদের বিশ্বকাপের তুলনায় ১০০ ভাগের ১ ভাগ মাত্র!

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় গত সোমবার এ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেছেন ইনফান্তিনো, ‘সম্প্রচারপ্রতিষ্ঠানগুলো থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে ইউরোপের বড় পাঁচটি দেশ থেকে, সেটা এখনো খুবই হতাশাজনক।’

Comments