মেট্রোরেলে চলাচলের জন্য ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস সংগ্রহের সময়সীমা জানাল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট (ডিএমটিসিএল)। তারা জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন থেকে এমআরটি পাস সংগ্রহ করা যাবে।
ডিএমটিসিএল আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। এতে জানানো হয়, এমআরটি পাস সংগ্রহের জন্য যাত্রীদের কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা, ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি পূরণ করা এমআরটি পাস নিবন্ধন ফরম জমা দিতে হবে। এমআরটি পাস নিবন্ধন ফরম পাওয়া যাবে ডিএমটিসিএলের ওয়েবসাইটে।

